সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৫৫ পিএম
"শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে"- এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন ও কেন্দ্রের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে নিবাসী শিশুদের মাঝে সরকারি বরাদ্দ হতে প্রাপ্ত পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২মে) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কেন্দ্রে আশ্রয় পাওয়া দুই শতাধিক সুবিধাবঞ্চিত-বিপন্ন-পথ শিশুর জন্য আসন্ন ঈদুল আজহা উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি।
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে ও কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ প্রত্যয়ের এর আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতার বহি:প্রকাশ ঘটেছে এই আয়োজনের মাধ্যমে।
এসময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, হাটহাজারী উপজেলার শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্টেড ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে প্রধান অতিথি শিশুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন।



