Logo
Logo
×

সারাদেশ

সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘মুখোশ মুখো’র কারিগরি প্রদর্শনী শনিবার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘মুখোশ মুখো’র কারিগরি প্রদর্শনী শনিবার

২০১৮ সালের একটি বহুল আলোচিত সত্য ঘটনার ছায়া অবলম্বনে বগুড়ায় নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মন-এর সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মুখো’। পাঁচ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। সম্প্রতি শেষ হয়েছে এর সম্পাদনার কাজ।

চলচ্চিত্রটি প্রথমবারের মতো বগুড়ার দর্শকদের সামনে প্রদর্শন ও তাদের মতামত জানার উদ্দেশ্যে আগামী ২৩ মে সন্ধ্যা ৬টায় একটি বিশেষ কারিগরি প্রদর্শনীর আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। প্রদর্শনী অনুষ্ঠিত হবে মধুবন সিনেপ্লেক্স-এ।

নির্মাতা সুপিন বর্মন জানান, ‘মুখোশ মুখো’ মূলত একটি পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন, যা ২০১৮ সালের একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত। চলচ্চিত্রটিতে রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশগ্রহণের লক্ষ্য নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন উৎসবে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ এবং সাধারণ দর্শকের প্রতিক্রিয়া জানতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন। 

তার ভাষায়, দর্শকের সমালোচনা ও মতামত একজন নির্মাতাকে ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।

চলচ্চিত্রটির আরেকটি বিশেষ দিক হলো, এর অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সবাই বগুড়ার এবং পুরো কাজটিই সম্পন্ন হয়েছে বগুড়ায়। 

নির্মাতার মতে, স্থানীয়ভাবে কারিগরি সুবিধা আরও বাড়ানো গেলে বগুড়াকে চলচ্চিত্র নির্মাণের নতুন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিভান বাদল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, সাজিদ, রবি, অভি, সবুজ ও রথি স্বাধীনসহ অনেকে।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনায় এবং বর্মন ফিল্ম-এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আশরাফুল ইসলাম, সম্পাদনায় ছিলেন অংকন সরকার এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন হিমেল।

বিশেষ সহযোগী হিসেবে রয়েছে ইন্টারনাল বাংলাদেশ এবং ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গোতে।  

নির্মাতা জানান, দর্শকদের জন্য চলচ্চিত্রটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শনের সুযোগ করে দিয়েছেন ইউনূস রুবেল। এ জন্য বর্মন ফিল্ম কর্তৃপক্ষ মধুবন সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে সুপিন বর্মন জানান, তিনি বর্তমানে ‘পালোয়ান’ নামে নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন