নরসিংদীতে আদালতের স্থিতি অবস্থা অমান্য করে মিস্টিক ফার্মাসিটিক্যালস লি: এর কারখানার দেয়াল ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্থানীয় রাজু মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষ।
কোম্পানির পক্ষে প্লান্ট ম্যানেজার তুহিন রুমি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নরসিংদীর ভাগদী এলাকায় কারখানা স্থাপন করে ঔষধ উৎপাদন ও প্রস্তুত করে আসছে মিস্টিক ফার্মাসিটিক্যালস লি:। তবে ২০২৩ সালে স্থানীয় রাজু মোল্লা কারখানার দেয়ালের ভিতরে ১০.২৫ শতাংশ জমির খারিজ বাতিল চেয়ে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন। এরই অংশ হিসেবে গত ১৩ এপ্রিল আদালতের বিচারাধীন বিষয়টি উপেক্ষা করে কোম্পানির নিরাপত্তা দেয়াল ভেঙে রাজু মোল্লা ও তার লোকজন পুনরায় অবৈধ দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে ঔষধ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচারসহ নিরাপত্তা দাবি করেন তিনি।
এসময় কোম্পানির স্টোর ইনচার্জ তাহমিনা মাহমুত, ক্যাপসুল সেকশন ইনচার্জ নাজমুল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অন্যের জমি দখল করার বিষয়টি মিথ্যা দাবী করে রাজু মোল্লা বলেন, কোম্পানির আমাদের কাছ থেকে ৫ শতাংশ জমি কিনে নিয়ে ভুয়া দলিল সৃজন করে ১৫ শতাংশ জমি দখল করে রেখেছে। আর আমি কিংবা আমার লোকজন দেয়াল ভাঙেনি, মহাসড়ক উন্নয়নের জন্য সরকারীভাবে দেয়াল ভাঙা পড়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।



