সোনারগাঁয়ে মাদক, অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৫ মে) বিকেলে সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া তিন রাস্তার মোড় মসজিদ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে উত্তর ষোলপাড়া, দক্ষিণ ষোলপাড়া ও লাহাপাড়া, ভট্টপুর গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ষোলপাড়া থেকে শুরু হয়ে ভট্টপুর এলাকায় এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ষোলপাড়া ষালপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা, ষোলপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস কামাল, সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আরিফুল ইসলাম, ফারদিন রাসেল, শহিদুল ইসলাম রাজু, আনোয়ারা বেগম, মালেকা বেগম, শাহিনুর, লিমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যা নামলেই ষোলপাড়া এলাকার নির্জন স্থানগুলোতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়| তারা বিভিন্নভাবে যুব সমাজ ও কর্মজীবী মানুষের হাতে মাদক পৌঁছে দিচ্ছে। মাদকের অর্থের জোগান দিতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।
তারা আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মাদক ও অপরাধ প্রতিরোধে এগিয়ে এলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। একই সঙ্গে তিনি এলাকায় পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।



