স্কুল ক্রিকেটে বগুড়ার সেরা বীট মডেল, ফাইনালে ১১৯ রানের জয়
বগুড়া অফিস
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬–এ বগুড়া জেলার শিরোপা জিতেছে বীট মডেল স্কুল এন্ড কলেজ। শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ–কে ১১৯ রানের বড় ব্যবধানে হারায়।
ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন বীট মডেল স্কুলের অধিনায়ক রাফিদ। তিনি ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। পরে টুর্নামেন্টের ফাইনালসেরাও নির্বাচিত হন তিনি।
সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীট মডেল স্কুল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অধিনায়ক রাফিদ ও সুফিয়ান দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করে ১৫৬ রান।
দলীয় ১৭০ রানের সময় ৯৩ রান করে আউট হন রাফিদ। তাঁর ইনিংসে ছিল দৃষ্টিনন্দন কিছু শটের প্রদর্শনী। এরপর মাত্র ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সুফিয়ানও। তিনি করেন ৫৮ রান। পরে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলেও নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২১০ রান তোলে বীট মডেল স্কুল। প্রতিপক্ষের হয়ে বাফিন ৩টি ও তামিম ২টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বীট মডেল স্কুলের বোলারদের তোপে পড়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ দশমিক ২ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় দলটি। তাদের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জয়। নাঈম করেন ২০ রান।
বীট মডেল স্কুলের হয়ে শয়ন ৫টি ও ইয়িছন ২টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক রাফিদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি এবং জেলা কোচ রিফাত হাসান।



