অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:২১ পিএম
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক যেকোনো অপতৎপরতা ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
শুক্রবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার দায়িত্বাধীন সীমান্ত এলাকায় ইতোমধ্যে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে।
সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিজিবির এই কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরিয়েছে বলে জানা গেছে।



