বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি পুকুর থেকে এক নবজাতক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির বয়স আনুমানিক একদিন। সে ছেলে সন্তান বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, নবজাতকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।



