Logo
Logo
×

সারাদেশ

যার হাত ধরে হাঁটতে শেখা সেই বাবাকে জেলে পাঠাল ছেলে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:০৯ পিএম

যার হাত ধরে হাঁটতে শেখা সেই বাবাকে জেলে পাঠাল ছেলে

একসময় যে বাবার হাত ধরেই হাঁটতে শেখা, শেষ পর্যন্ত সেই বাবার বিরুদ্ধেই প্রশাসনের দ্বারস্থ হতে হলো ছেলেকে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের মাদকাসক্তি, হামলা ও ভয়ভীতির অভিযোগে এক বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া (৪৬) উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের মৃত এনছার আলীর ছেলে। বুধবার (৬ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বাচ্চু মিয়া। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রী-সন্তানদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, মাদকাসক্তির কারণে দিন দিন অস্বাভাবিক ও সহিংস হয়ে উঠছিলেন তিনি।

অভিযোগে ছেলে মমিনুল ইসলাম উল্লেখ করেন, গত ১ মে অতিরিক্ত মাদক সেবনের পর তার বাবা অসংলগ্ন আচরণ শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান এবং বাড়ির সামনে ধারালো দা হাতে অবস্থান নেন। এতে আতঙ্কে দিন কাটাতে থাকে পুরো পরিবার।

পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে নিরাপত্তাহীনতায় পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ছেলে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বাচ্চু মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক বলেন, ছেলের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, ধ্বংস করে দিচ্ছে পুরো পরিবার ও সামাজিক বন্ধন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন