বগুড়ার শেরপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:১৬ এএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনাপাড়া এলাকায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ৭ ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৬ এপ্রিল) সকালে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মৃত রহিমুল্লাহ শেখের ছেলে মোঃ মোকলেছার রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বুধবার সকাল প্রায় ১০টার দিকে মোকলেছার রহমান বাড়ির সামনে থাকা তার মুদির দোকান থেকে টয়লেটে যাওয়ার জন্য বাসার ভিতরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের একটি টেবিলের উপর চাবি রেখে টয়লেটে যান।
পরে সকাল ১১টার দিকে মোকলেছার রহমানের স্ত্রী ঘরের ফ্লোরে অপরিচিত পায়ের দাগ দেখতে পান। বিষয়টি তিনি শাশুড়ি ও পাশের বাড়ির কয়েকজনকে জানান। পরে তারা পায়ের দাগগুলো মুছে ফেলেন। তবে তখনও তারা বুঝতে পারেননি যে, ঘরে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে।
পরবর্তীতে মাগরিবের নামাজের সময় মোকলেছার রহমানের স্ত্রী ঘরের একটি বাক্সের তালা খোলা দেখতে পান। নামাজ শেষে তিনি বাক্স খুলে প্রথমে গহনার ব্যাগ বের করেন। কিন্তু ব্যাগ খুলতেই দেখতে পান, সেখানে থাকা প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ৭ ভরি রুপার অলংকার নেই। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোকলেছার রহমান জানান, “ঘটনার পর আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দিনের বেলায় এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।



