বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:২২ পিএম
ডিবি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করা একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিকশা, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জের দক্ষিণ চর মশুরা এলাকার মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জের কবিরাজ দুধল এলাকার মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধা সদরের ব্যাপারীপাড়া এলাকার সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়ার বালিপাড়া (বালিয়াতলা) এলাকার জাকির হোসেন (৪০), একই জেলার বাউফলের জৌতা এলাকার নিজাম (৪৬), রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকার ওবায়দুল ইসলাম বেগ (৪০) এবং একই এলাকার জাহিদুল ইসলাম (৪২)। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্র জানায়, এই চক্রের সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় নিজেদের কখনো পুলিশ, কখনো ডিবি সদস্য, আবার কখনো সাংবাদিক পরিচয় দিতেন। এরপর কৌশলে ইজিবাইক বা অটোরিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা প্রতারণার ফাঁদে ফেলে যানবাহন ছিনতাই করতেন। ছিনতাইয়ের সময় তারা ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতেন।
ওসি ইকবাল বাহার বলেন, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালে একজন ইজিবাইকচালককে একই কৌশলে প্রতারণা করে তার গাড়ি ছিনতাই করা হয়। ওই ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় মামলা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে ভোরে শহরের চারমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।
ওসি ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।



