Logo
Logo
×

সারাদেশ

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:০১ এএম

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি বলপেন (কলম) দিয়ে তার চোখ, মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতে চেয়েছিলেন অভিযুক্ত জসিম। বাকি না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন জসিম মিয়াকে গ্রেফতার করে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের বিষয়ে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন