নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীতে ইলিশ শিকারে জেলেরা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:২৮ পিএম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীতে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে নদীতে নামলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
শুক্রবার (১ মে) সকালে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হলে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ঘাটজুড়ে শুরু হয় হাঁকডাক ও কেনাবেচার ব্যস্ততা।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর নদীতে নামলেও এবার মাছের পরিমাণ কম। জেলে শেখ ফরিদ ও ইয়াসিন বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খুব অল্প ইলিশ পাওয়া গেছে। এতে খরচ ওঠানো গেলেও ঋণ ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তবে নদীর পানি বাড়লে পরিস্থিতি ভালো হতে পারে বলে আশা তাদের।
ব্যবসায়ী ওচমান বেপারী ও নাহিদ হাসান জানান, মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঘাটে সব ধরনের বেচাকেনা বন্ধ ছিল। এখন আবার কার্যক্রম শুরু হওয়ায় ঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে, শ্রমিক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায়। এক কেজির নিচের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকায়। ব্যবসায়ীরা আশা করছেন, নদীতে ইলিশের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে এবং বাজার আরও স্থিতিশীল হবে।
ঢাকা থেকে আসা ক্রেতা জুলহাস জানান, ছুটির দিনে ঘুরতে এসে তিনি মাছঘাটে এসেছেন, কিন্তু ইলিশের সরবরাহ কম এবং দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত মাছ কিনতে পারেননি। তিনি বলেন, এভাবে দাম থাকলে সাধারণ মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে যাবে।



