যুগের চিন্তায় সংবাদ প্রকাশের পর অভিযান
শেরপুরে গরু চুরির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ গরু ও পিকআপ
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক হামলায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চক্রটির ৫ সদস্য। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দুটি গরু, চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, হাইড্রোলিক কাটার ও দড়ি।
জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দৈনিক যুগের চিন্তায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসন তৎপর হয়ে ওঠে। পরে বুধবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী কৃষক আব্দুল ওহাব শেরপুর থানায় গরু চুরির অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা: মোঃ নূর ইসলাম @ নীল চান, সাং-কামতাড়া ভোলাপাড়া।
২। মোঃ সবুজ (২৮), পিতা: মৃত হায়দার আলী।
৩। মোঃ আব্দুল আলিম (৩৮), পিতা: মোঃ তোজাম্মেল সরকার।
উভয়ের সাং-জামুরহাট, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া।
৪। মোঃ আব্দুর রহমান @ রানা (৩৫), পিতা: মৃত ইয়ারহাম মিয়া, সাং-লুচিয়া নগরবাড়ি, পোস্ট-গাংগাইল বাজার, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল।
৫। মোঃ আকাশ (২৪), পিতা: মোঃ হেলাল, সাং-বুড়ইল, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি চোরাই গরু, একটি পিকআপ গাড়ি, হাইড্রোলিক কাটার ও গরু বেঁধে নেওয়ার কাজে ব্যবহৃত দড়ি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, “গরু চুরির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”



