বগুড়ায় দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’। শুক্রবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে এম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, শিশু সংগঠক ও উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন আখন্দ এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু।
ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল ও সংস্কৃতিজন এইচ আর মিটন।
অনুষ্ঠানে কবি ইসলাম রফিক সম্পাদিত নতুন কাব্যগ্রন্থ ‘মৌনমুখর’–এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। উদ্বোধনী পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
উৎসবের প্রথম দিনের কর্মসূচিতে ছিল ‘কথা ও কবিতা’, তারুণ্যের বই আলোচনা, কবিতা ও গল্পবিষয়ক মুক্ত আলোচনা এবং ‘স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা’ প্রদান। বই আলোচনা পর্বে কবি সিকতা কাজলের ‘সাতমাথা’ সিরিজ নিয়ে আলোচনা করেন মুহম্মদ শহীদুল্লাহ; কবি মাহাবুব টুটুলের ‘কান্না জমা চোখে’ নিয়ে সাকিল মাসুদ; কবি হিরণ্য হারুনের ‘বিভ্রান্ত জাদুকর’ নিয়ে সদ্য সমুজ্জল; কবি দীপংকর মারডুকের ‘উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক’ নিয়ে ফরিদ ছিফাতুল্লাহ; কবি শৈবাল নূরের ‘জলের স্বরাজ’ নিয়ে জয়ন্ত বিশ্বাস; আব্দুল্লাহ আল বাকীর গল্পগ্রন্থ ‘পিওর মসগ্রীণ’ নিয়ে এমরান কবির এবং কবি আল আমিন ইসলামের ‘আগুন পুষি রাখি’ নিয়ে শামীম হোসেন আলোচনা করেন।
বিকেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও লোকগবেষক ড. বেলাল হোসেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)–এর সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।
এ সময় কবি কাজী শোয়েব শাবাব, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মারুফ আহমেদ নয়ন ও শৈবাল নূরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
দিনব্যাপী বিভিন্ন আয়োজন সঞ্চালনা করেন কবি সিকতা কাজল, সাকিব শাকিল ও সাওয়ান আমিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দল ‘অন্যরকম’।
উৎসবের দ্বিতীয় দিনে বাগবাড়ীতে জিয়াবাড়ী পরিদর্শন, বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজে আলোচনা সভা এবং কবি ইসলাম রফিকের ৫৬তম জন্মোৎসব উদযাপনের কর্মসূচি রয়েছে।



