রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইনিং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ডুলুরদিয়া, মাছুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলাম বাগ কালি এলাকার রানা মিয়া (২৫), ইমন (২৫), হাটাব ডোলদা এলাকার জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন (২৪)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তারাব পৌরসভার বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং কারখানায় কর্মস্থলে যাওয়ার পথে গত ১৮ এপ্রিল সকালে ওই এলাকার জৈবসার কারখানার সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাস কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সবুজ গ্রুপের সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে শিপন বিশ্বাসের পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনায় শিপন বিশ্বাসের বাবা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন সন্ধ্যায় ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার করে ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, এ মামলার অভিযুক্ত প্রধান আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।আসামিদের ০৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



