Logo
Logo
×

সারাদেশ

‎ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

‎ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে থেমে থেমে এ ঘটনা ঘটে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিলের ডাক দেয় কলেজ শাখা ছাত্রশিবির। মিছিলটি কলেজের মূল ফটকের দিকে অগ্রসর হলে তারা ‘গুপ্ত বলিস কাদের কে, তুই ছিলি লন্ডনে’, ‘রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘হাবিবের দুই গালে, জুতা মারো তালে তালেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

একটি ভিডিওতে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের মূল ফটকের দিকে যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা অপরদিক থেকে হামলা করে। এতে গুলির শব্দও শোনা যায়। এরপরই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

‎সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় কলেজ গেটের সামনে থাকা একটি ছাউনি ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

‎ছাত্রদলের কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, কলেজে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ১০০-১৫০ জন শিবিরকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পাশাপাশি ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। 

‎এ বিষয়ে কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান বলেন, চট্টগ্রাম সরকারি কলেজে শিবিরের ওপর হামলা ও একজনের পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদে ডাকা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি করে ছাত্রদলের নেতাকর্মীরা। টোকাই ভাড়া করে এনে ককটেলও বিস্ফোরণ করেছে তারা। এ সময় আমরা আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করি। দ্রুত এসব টোকাই নামের ছাত্রদের গ্রেপ্তার করতে হবে।

‎ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবিরের একটি মিছিল ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন