বগুড়ায় পিআইবি শাখা স্থাপনে আশার কথা প্রধানমন্ত্রীর
বগুড়া অফিস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর শাখা স্থাপনের বিষয়ে আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পিআইবির শাখা স্থাপনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শুরু করুন। এরপর আমি দেখবো কী করা যায়, ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাংবাদিক ভাইদের জন্য নতুন এই ভবন উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। বহু বছর আগে যে কাজটি শুরু হয়েছিল, সেটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আশা করি বগুড়ার সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরবেন, যাতে আমরা বগুড়ার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নিতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, বর্তমান সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।



