Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের উপর সশস্ত্র হামলা

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের উপর সশস্ত্র হামলা

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অধ্যক্ষের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার হন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ তার দাপ্তরিক কাজ করছিলেন এমন সময় আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে ঢুকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা অধ্যক্ষকে টেনে-হেঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে বারান্দায় এনে মারধর করে। পরে কলেজের শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, হামলাকারীরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আকস্মিকভাবে হামলা চালায়। তিনি এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি অধ্যক্ষকে টেনে নিয়ে গিয়ে মারধর করছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ জানুয়ারি অধ্যক্ষকে পদে বহাল রাখার দাবিতে আয়োজিত একটি মানববন্ধনে একই ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। সে সময় তারা নারী অংশগ্রহণকারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও তাদের হামলার শিকার হন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন