বগুড়ায় লাঠির আঘাতে সেলসম্যান নিহত, মামাতো ভাই গ্রেপ্তার
বগুড়া অফিস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
বগুড়ার দুপচাঁচিয়ায় লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন খান রুপক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নাজমুল দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মন্ডলপাড়া এলাকার আমানত হোসেন খানের ছেলে। তিনি ইউনিলিভার কোম্পানির আদমদীঘি থানার মুরইল শাখায় সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই সম্রাট খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার ইলিয়াস হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৭ এপ্রিল সকালে সম্রাট খান তার মা ও বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন এবং বিষয়টি নাজমুলকে জানান। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে নাজমুল পরিবারের সদস্যদের নিয়ে সম্রাটের বাড়িতে যান। এ সময় ঘরের ভেতর থেকে বের হয়ে সম্রাট খান বাঁশের লাঠি দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন। পরে আরও কয়েকটি আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের স্ত্রী আরিফা জাহান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে আসামি সম্রাট খানকে গ্রেপ্তার করা হয়।



