Logo
Logo
×

সারাদেশ

স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে জনসেবা নিশ্চিত করুন: ডিসি জাহিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে জনসেবা নিশ্চিত করুন: ডিসি জাহিদ

চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জনসেবায় জবাবদিহি, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। হয়রানিমুক্ত পরিবেশ ও নির্ধারিত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে। “প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন আমরা মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এক সময় সরকারি কর্মচারীদের প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসা সেই আস্থা ধরে রাখা সকলের দায়িত্ব।” ১৬ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, জনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকা-ে গুণগত মান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই। সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের কোন অজুহাত নয়, সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি সরকারি অফিসগুলোকে জনগণের জন্য উন্মুক্ত ও আস্থার স্থানে পরিণত করার আহ্বান জানান। সেবাগ্রহীতাদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাযথ পরামর্শ এবং তারা যাতে কোনো দালালের খপ্পরে না পড়ে সেদিকে নজর দিতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা এই দেশেই নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেড়ে উঠুক। সেজন্য আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

দিনব্যাপী কর্মসূচীর শুরুতে জেলা প্রশাসক মিরসরাই থানা পরিদর্শন করেন। সেখানে সালামি গ্রহণ শেষে থানার বিভিন্ন রেজিস্টার, ক্রাইম ম্যাপ ও নথিপত্র পর্যালোচনা করেন। পরে থানার অস্ত্রাগার ও হাজতখানা ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি জিআর ও সিআর সংক্রান্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জেলা প্রশাসককে থানার অপরাধ পরিস্থিতি, মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এরপর জেলা প্রশাসক উপজেলার মিরসরাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে পরিষদের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় কালে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পরবর্তী পর্যায়ে জেলা প্রশাসক মিরসরাই উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলে ভূমি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন এবং তাদের মতামত শুনেন। জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত সেবা প্রদানে স্বচ্ছতা, হয়রানিমুক্ত পরিবেশ এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন।

পরে মিরসরাই পৌরসভা পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন দূর্গাপুর ইউনিয়ন পরিষদ থেকে কাটাছড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক সম্প্রসারণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে কাজের অগ্রগতি, নির্মাণমান ও ব্যবহারকৃত উপকরণের গুণগত মান যাচাই করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমান গ্রহণযোগ্য হবে না এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে হবে। তিনি ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয়তা যাচাই ও পরিকল্পনায় বৈচিত্র্য আনার উপর গুরুত্বআরোপ করেন। 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক তিনজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস ও বাস্কেটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। যা শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, উপজেলা উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় জনগোষ্ঠী সরকারি সেবার ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসহ সব খাতে সেবা প্রদানে আন্তরিকতা ও মানবিকতা নিশ্চিত করতে হবে। “কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়, সেটি নিশ্চিতের দায়িত্ব সকলের। দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন