বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০০ লিটার ডিজেল জব্দ
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত মজুদ করা ২,৫০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। বুধবার (গতকাল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রির জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশালপুর ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে রাখা হয়।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত জব্দ করা তেল সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীরহাট বাজারের মেসার্স বিমল ট্রেডার্সের মালিক দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করছিলেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই অভিযান চালায়।
আরও জানা গেছে, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৫,০০০ লিটার ডিজেল মজুদের অনুমতি থাকলেও অতিরিক্ত ২,৫০০ লিটার তেল মজুদ রাখা হয়েছিল। এসব তেল সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।



