Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত এবং গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চক্রঘোনা গ্রামের কাদের বকসের ছেলে ট্রাকের হেলপার গোলাম মোস্তফা (৩২), শিবগঞ্জ পৌরসভার বনতেঘরি এলাকার আবদুর রশিদের ছেলে ইজিবাইক চালক মিনারুল ইসলাম (২৫) এবং বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ছায়েদ জামানের স্ত্রী খাতেমন বিবি (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জের মোকামতলার চকপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক ডিজেল শেষ হয়ে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার গোলাম মোস্তফা নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলি এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালক মিনারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাতিবান্ধা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় খাতেমন বিবি নিহত হন। তিনি ক্যানসারে মারা যাওয়া তাঁর ভাগিনার মরদেহ দেখতে শিবগঞ্জের মহাস্থানের নাগরকান্দি গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া জানান, মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যুর মামলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন