নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার ঘোড়াশালের মিয়াপাড়া এলাকায় ও পরে টেকপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ধারা ১০ ও ১১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে, যা সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ঝুঁকি এবং এর আইনি পরিণতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে অবৈধ কার্যক্রম প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।



