নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ উল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার মনির মিয়ার ছেলে। সে নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এসময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করছিলেন আসাদ উল্লাহ। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তার দেহ দীখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



