কিশোরগঞ্জে অসহায় পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর ছাগল বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন, স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এই ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, তাদের উদ্দেশ্য শুধু সাময়িক সহায়তা প্রদান নয়; বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে একজন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। বিতরণ করা ছাগলগুলো বংশবৃদ্ধির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর জন্য আয়ের উৎসে পরিণত হবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজের প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠলে দারিদ্র্য দূর করা সম্ভব। তাই এ ধরনের আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ সমাজ পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
খালেদ হাসান জুম্মন বলেন, আমরা চাই প্রতিটি নাগরিক যেন সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াতে পারে। জামায়াতে ইসলামীর উদ্যোগে আমরা ধারাবাহিকভাবে রিকশা, সেলাই মেশিন এবং গবাদি পশু বিতরণ করে আসছি। এই ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করলে পরিবারগুলো ভবিষ্যতে অর্থনৈতিক সংকটে পড়বে না বলে আমরা বিশ্বাস করি।



