Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাস-ভটভটি সংঘর্ষে নিহত ১

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

বগুড়ায় বাস-ভটভটি সংঘর্ষে নিহত ১

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাহেদ বাবু জানান, যাত্রীসহ একটি ভটভটি মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ বাসটি দ্রুতগতিতে আসছিল। একপর্যায়ে ভটভটিটি হঠাৎ দিক পরিবর্তন করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই একজন নিহত হন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় তাঁর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন আছেন।

বগুড়া শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ভটভটি হঠাৎ দিক পরিবর্তন করায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও ভটভটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন