আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে : স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম
দেশের সার্বিক স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নতুন বছরে জাতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা নিয়ে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের কল্যাণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড বিতরণ, জুন মাসের মধ্যে হেলথ কার্ড চালু, কৃষি ঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি।
তিনি আরও বলেন, হাম রোগের প্রাদুর্ভাব রোধে ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালু হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে। সরকারের প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহার কমেছে। আশা করা যাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্যরা।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে মন্ত্রী, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে মন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী লোকজ মেলা শুরু হয়। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়।



