শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম
বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে খন্দকারটোলা এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আবু রায়হান আজাদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতবাড়ির পাঁচটি কক্ষসহ আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবু রায়হান আজাদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বাড়িতে এসে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ শোবার ঘরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন ঘটনাস্থল পরিদর্শনের কথা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।



