Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পর্নোগ্রাফি আইনের মামলায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

বগুড়ায় পর্নোগ্রাফি আইনের মামলায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীর গোপন অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী অষ্টম শ্রেণির এক ছাত্রী বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় এরশাদ শিকদার, কৌশিক ও সুরাইয়া নামে তিনজনকে আসামি করা হয়েছে।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আল আমিন জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে পৌরশহর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রধান আসামি এরশাদ শিকদার ভুক্তভোগী কিশোরীকে শহরের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তার অজান্তে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ব্যবহার করে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হয় এবং টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

পরবর্তীতে দাবি অনুযায়ী টাকা না পেয়ে গত ২৭ মার্চ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া কিশোরী অবশেষে আইনের আশ্রয় নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন