Logo
Logo
×

সারাদেশ

দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ ভোগান্তিতে নরসিংদীবাসী

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ ভোগান্তিতে নরসিংদীবাসী

নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় জেলার বাসাবাড়ি ও শিল্পকারখানায় ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়দের অভিযোগ।

আবাসিক এলাকায় গ্যাস না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সকালে রান্না করতে গিয়ে চুলায় গ্যাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় যান। কিন্তু সেখানেও গ্যাস সংকটের কারণে পর্যাপ্ত খাবার প্রস্তুত না থাকায় অনেকেই খাবার না পেয়ে ফিরে আসেন।

পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহন চলাচল কমে গেছে। অনেক স্টেশনে গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইন দেখা গেছে, যা যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়িয়েছে।

এছাড়া গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের মতে, বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতায় জানা যায়, প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি তাদের ব্যক্তিগত লাইনের সমস্যা। কিন্তু পরে আশপাশে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে পুরো এলাকাজুড়েই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

নরসিংদী শহরের উপজেলা মোড়ের বাসিন্দা সিনহা বেগম জানান, দুপুরের খাবারের জন্য রান্না করতে গিয়ে দেখি চুলা দিয়ে গ্যাস আসছে না। প্রথমে মনে করলাম আমাদের বাসার গ্যাস লাইনে হয়তোবা কোনো সমস্যা হয়েছে। পরে আশেপাশের বাসাবাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি সেখানেও গ্যাস নেই। পরে ভাবলাম হয়তোবা ঘণ্টাখানেক পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু বিকেলে হয়ে গেছে এখনো গ্যাস পাইনি। রান্না না করার কারণে দুপুরের খাবারও খেতে পারছি না। 

পৌর শহরের পশ্চিম কান্দাপএলাকার বাসিন্দা রুমানা খান বলেন, গ্যাসের অভাবে সকালে রান্না করতে পারিনি। ভাবলাম বাহিরে খেয়ে নেই পরিবারের সদস্যদের নিয়ে। কিন্তু হোটেলে গিয়ে দেখি সেখানেই খাবার নেই। ওনারাও গ্যাসের অভাবে রান্না করতে পারেননি বলে জানান।

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান জানান, তিতাস গ্যাস নরসিংদীর বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন