বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। তবে এই ভোটকাস্টে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭১ দশমিক ১৫ শতাংশ ভোটকাস্ট হয়েছিল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি—এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।



