নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, রেহাই পায়নি ছুটির ঘণ্টাও
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ৬৮ নম্বর ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়ে যায় একটি চক্র।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা শিশুদের অনলাইন ক্লাস পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। এছাড়া চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর এবং এমনকি বিদ্যালয়ের ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টাও চুরি করে। চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, বিদ্যালয়ে বর্তমানে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে এবং সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন, বুধবার সকালে বিদ্যালয়ে এসে দেখি, রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল, কিন্তু চোরেরা সেগুলোও খুলে নিয়ে গেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



