নরসিংদীতে ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
নরসিংদীর রায়পুরায় সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার মাধবদী এলাকার তারা মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে নূরে আলম ওরফে মিঠাই।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে নরসিংদী পৌর শহরের উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া এলাকা থেকে নূরে আলম ওরফে মিঠাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, তারা দুজনই রায়পুরার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিএলএস নামক একটি ফ্যাক্টরিতে ২২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাতে সংঘটিত ডাকাতি সাথে তারা জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এর আগে ২৫ মার্চ ২০২৬ তারিখ বিএলএস ফ্যাক্টরির সুপারভাইজার মামুন হাজারি বাদি হয়ে অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করে রায়পুরা থানায় ধারা ৩৯৫/৩৯৮ অনুযায়ী মামলা দায়ের করেন।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গ্রেপ্তারকৃত নূরে আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা এবং হৃদয় মিয়ার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



