জামিনে বেরিয়ে ফের দখলচেষ্টা, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার হুমকি
কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ এএম
কুড়িগ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদালতের ওই আদেশের পরও পরিস্থিতি থামেনি; বরং নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) ভূমি-সংক্রান্ত একটি মামলায় আসামিরা স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হন। দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান দুই আসামি ইউনুস আলী ও আব্দুল বাতেনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর পরদিন সোমবার (৬ এপ্রিল) সকালে জামিনে থাকা অন্য আসামিদের সহযোগিতায় এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ির দিকে ধাওয়া দেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই যুবক বাদীকে না পেলে পরিবারের অন্য সদস্যদের হত্যা করার হুমকি দেন।
ভুক্তভোগী পরিবার জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাঁদের পৈত্রিক জমি রয়েছে, যেখানে তাঁরা কয়েক দশক ধরে বসবাস করে আসছেন। জমির সব কাগজপত্র ও খাজনা তাঁদের নামেই রয়েছে বলে দাবি করেন তাঁরা।
অভিযোগ রয়েছে, চলতি বছরের ১৯ জানুয়ারি ভোরে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ওই জমিতে হামলা চালায়। তারা টিন, কংক্রিটের খুঁটি ও বাঁশসহ নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় এবং গাছ কেটে জমি দখলের চেষ্টা করে। পরে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সালিশি বৈঠকে ভুক্তভোগী পরিবার কাগজপত্র উপস্থাপন করলেও অভিযুক্তরা তা মানেনি বলে অভিযোগ।
পরবর্তীতে সাংবাদিক সাইফুর রহমান শামীম ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মামলা করেন। মামলায় দুই আসামি কারাগারে থাকলেও বাকি আসামিরা এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন বলে অভিযোগ করেন তিনি।
সাইফুর রহমান শামীম বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে ঘরবাড়ি ও বাগান নষ্ট করা হয়েছে। এখন আবার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "জামিনের পর বাদীকে হুমকিরসঘটনা উদ্বেগজনক। বাদী অভিযোগ দিলে অভিযুক্তদের জামিন বাতিলের সুপারিশ করার হবে। "
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।



