বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে : গোলাম পরওয়ার
বগুড়া অফিস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার ইস্যুতে অবস্থান বদলে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।
রোববার (০৫ এপ্রিল) বিকেলে বগুড়ায় জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ৩৩টি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। পরে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সেই সনদের আইনি ভিত্তি তৈরি করে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল।
তিনি অভিযোগ করেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি এবং এখন সেই সংস্কার আদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। অথচ একই আদেশের ভিত্তিতে হওয়া নির্বাচন মেনে সরকার গঠন করেছে।
তার ভাষ্য, গণভোটে বিপুলসংখ্যক ভোটার জুলাই সনদের পক্ষে রায় দিলেও বিএনপি তা অস্বীকার করছে। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল।
নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ জানান তিনি। প্রশাসনের উদ্দেশে বলেন, সরকারি দলের কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু প্রতিকার মিলছে না। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
রাশেদ প্রধান তার বক্তব্যে বিএনপির সমালোচনা করে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা দ্বিচারিতা করেছে। অল্প সময়েই তারা স্বৈরাচারী আচরণ শুরু করেছে।
সভায় জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ তা পাঠ করেন।



