জোর করে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল বেনজির আহমেদ, পুনর্বহালের দাবি সাবেক পুলিশ সদস্যের
বগুড়া অফিস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
চাকরিতে পুনর্বহালের দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক সার্জেন্ট মো. শাহিন কাদির। রোববার (০৫ এপ্রিল) দুপুর ১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার চাকরিচ্যুতির পেছনে রাজনৈতিক বৈষম্য ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে শাহিন কাদির বলেন, তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এই অব্যাহতি স্বেচ্ছায় নয়, বরং জোরপূর্বক নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, তৎকালীন সময়ে সরকারবিরোধী আন্দোলন দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু নির্দেশনা পালন না করায় তাকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং পরে সেটিকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন হিসেবে দেখানো হয়। ওই আবেদনে উল্লেখ করা হয় যে, তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় চাকরি ছাড়ছেন—যা তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
শাহিন কাদির বলেন, সে সময় ভয়ের কারণে তিনি আইনি প্রতিকার চাইতে পারেননি। বরং ওই সময় তিনি ও তার পরিবার নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি পুনর্বহালের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে পুনর্বহালের সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।
বর্তমানে তিনি পুনরায় সরকারের কাছে চাকরিতে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, চাকরি হারানোর পর থেকে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে শাহিন কাদির দ্রুত পুনর্বহাল ও ন্যায়বিচারের দাবি জানান।



