যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় ইয়াসমিন চৌধুরী (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নিহত ইয়াসমিনের ভাই লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক ঘটনাটি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স (Fort Myers) শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘাতক যুবকের পরনে ছিল লস অ্যাঞ্জেলেস লেকার্সের ২৪ নম্বর লেখা একটি হলুদ রঙের বাস্কেটবল জার্সি এবং পায়ে হলুদ জুতা। পিঠে ছিল একটি সাদা ব্যাগ। ভিডিওতে দেখা যায়, যুবকটি হাতে একটি বড় হাতুড়ি নিয়ে ইয়াসমিনের ওপর উপর্যুপরি আঘাত করছে।
ভিডিওর শেষ দিকে দেখা যায়, ইয়াসমিন চৌধুরী গুরুতর আহত অবস্থায় স্টোরের বাইরে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে আছেন। ঘাতক তাকে নিথর অবস্থায় ফেলে রেখে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইয়াসমিন দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। পরিবারের সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি দিলেও এভাবে ঘাতকের হাতে প্রাণ দিতে হবে, তা কেউ কল্পনা করতে পারেননি।
ফোর্ট মায়ার্স পুলিশ সূত্রে জানা যায়, তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সন্দেহজনক একজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। তবে ঠিক কী কারণে ইয়াসমিনকে লক্ষ্য করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।



