চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে রাস্তার পিচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবন অস্থির হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে প্রথমবারের মতো এ স্তরে পৌঁছেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, ফলে গরমের তীব্রতা আরও বেড়ে যায়।
এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা মাথা ঘোরা ও ক্লান্তিতে ভুগছেন। দিনমজুররাও তীব্র রোদে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।
চুয়াডাঙ্গা শহরের মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, “এই গরমে লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। মাথা ঘুরে যায়, শরীর ক্লান্ত হয়ে পড়ে।” আরেক চালক সুমন হোসেন জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর খারাপ হয়ে যাচ্ছে।”
দিনমজুর আব্দুল মালেক বলেন, “রোদ এত বেশি যে কাজ করতে পারি না ঠিকমতো। তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে।”
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।



