শেরপুরে মাকে মারধর ও ভাঙচুরের ঘটনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
বগুড়ার শেরপুরে মাদকাসক্ত হয়ে নিজ পরিবারের ওপর নির্যাতন চালানোর অভিযোগে মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মিন্টু শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মিন্টু মাদক সেবনের জন্য টাকা না পেয়ে নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করেন। একপর্যায়ে তিনি বাড়িঘরে ভাঙচুর চালান, এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলাটি উপস্থাপন করেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সংক্রান্ত অপরাধ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



