পুলিশি পাহারায় নারীসহ রাত কাটাতে গিয়ে ওসির কক্ষে ‘ভুয়া জজ’ আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ থানায় হাজির এক ব্যক্তি। শুধু পরিচয় দিয়েই ক্ষান্ত হননি, চেয়েছেন রাত কাটানোর জন্য খোদ পুলিশের বিশেষ পাহারা। কিন্তু শেষ রক্ষা হলো না, ওসির বুদ্ধিমত্তায় জজ সেজে থাকা সেই প্রতারক এখন থানা হাজতে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনও বিচারক নন, বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এদিকে, ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।



