কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনের দাউদকান্দি থানার বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল বারেক (৫৩) ও মো. নুরু মিয়ার ছেলে মোস্তফা (৫২)।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি থানায় আনা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।



