Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা, ডিবি সোর্সসহ গ্রেপ্তার ৩

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম

নরসিংদীতে এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা, ডিবি সোর্সসহ গ্রেপ্তার ৩

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীম-এর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃতরা হলো-চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) এবং কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে এবং ডিবি পুলিশের অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মনিরুজ্জামান (৩৬) নামে এক ব্যক্তিকে একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

পরদিন বিকেলে ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে আসামির পরিবারের কাছে গিয়ে দাবি করে, ১০ হাজার টাকা দিলে তা অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে আসামিকে আদালতে চালান না করে ছেড়ে দেওয়া হবে। সরল বিশ্বাসে পরিবারটি তাদের হাতে টাকা তুলে দেয়।

তবে পরে আসামিকে আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। অনুসন্ধানে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ প্রতারণার মাধ্যমে ওই টাকা আদায় করেছে এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তার পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, ডিবির সোর্স পরিচয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনায় ডিবির কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন