বগুড়ায় নকল সিগারেট কারখানায় অভিযান, ৬৪ লাখ টাকার স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৩
বগুড়া অফিস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম
বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, তৈরির সরঞ্জাম ও রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। তাঁদের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযানে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট (মোট ৩ হাজার ২০০ শলাকা), খোলা অবস্থায় ১০ হাজার শলাকা স্টার সিগারেট, ৪ হাজার খালি সিগারেট প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত দুটি পলিথিন রোল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) ধারা এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



