সিলেটের সঙ্গে ৩ ঘণ্টা পর সারা দেশের রেল চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম
ছবি : সংগৃহীত
সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটে শমশেরনগর এলাকার পূর্ব কালিপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর আগে সকাল ৬টা ২ মিনিটে ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি, তবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়েছে এবং এর ফলে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।



