পাম্পে নতুন বিধিনিষেধ, তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত
সারা দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে বগুড়া জেলা প্রশাসন পেট্রোল পাম্পে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। প্রতিটি পাম্পে নির্দেশনা সংবলিত ব্যানার টাঙানো হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে।
জানা গেছে, বগুড়ায় মোট ৭৮টি তেলের পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে। রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে জ্বালানি পৌঁছাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।



