সোনারগাঁয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি। অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুন ধরছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় গত শনিবার রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে অবৈধ চুনা ভর্তি একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। আগুনে বেশ কিছু চুনা পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা লোকজন স্থান ত্যাগ করেন। পরে স্থানীয় ও ট্রাকে থাকা লোকজন মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চুনা ভর্তি ট্রাকটি সোনারগাঁয়ে পিরোজপুরের মেঘনা এলাকায় একটি চুনা কারখানা থেকে চুনা নিয়ে সিদ্ধিরগঞ্জে যাচ্ছিল। পথে এ দূর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানান।



