ছবি : সংগৃহীত
হবিগঞ্জে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৮ মার্চ) দিনভর পরিচালিত অভিযানে অবৈধ ঔষধ, মেহেদী, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
বিজিবি’র লে. কর্নেল তানজিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোরে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের ভাঙ্গারী মালামালের নিচে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও মেহেদী পাওয়া যায়।
এছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ এবং শ্রীমঙ্গলের কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত মালামাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



