Logo
Logo
×

সারাদেশ

লোকজ রঙে রাঙা চিলমারী, বউ মেলায় নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম

লোকজ রঙে রাঙা চিলমারী, বউ মেলায় নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ

উত্তরের জনপদ কুড়িগ্রামের চিলমারীতে বসেছে শতবর্ষী ঐতিহ্যের ‘বউ মেলা’। ব্রহ্মপুত্র নদের তীরঘেঁষা বালাবাড়ি হাটজুড়ে এই মেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য আর নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ ফিরে পেয়েছে পুরো এলাকা।

শুক্রবার (২৭ মার্চ) শুরু হওয়া এ আয়োজন মূলত সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানকে ঘিরে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সরেজমিন শনিবার (২৮ মার্চ) দুপুরে দেখা গেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। বিশেষ করে নববধূ ও গৃহবধূদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রঙিন শাড়ি, ঐতিহ্যবাহী অলংকার আর গ্রামীণ সাজে সজ্জিত নারীদের অংশগ্রহণে মেলায় তৈরি হয়েছে বর্ণিল আবহ।

মেলায় রয়েছে নানা ধরনের গ্রামীণ পসরা। হাতের তৈরি গহনা, মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন হস্তশিল্প পণ্যে ভরপুর দোকানগুলো। শিশুদের জন্য খেলনা, নাগরদোলা এবং বাহারি খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানকে ঘিরে বালাবাড়ি হাটে কয়েক শ বছরের পুরোনো এ মেলা বসে আসছে। প্রায় ৪০০ বছরের এই আয়োজন এলাকায় এক বিশেষ উৎসবের আবহ তৈরি করে। প্রথম দিন ‘জামাই মেলা’ এবং পরদিন ‘বউ মেলা’—এই ধারাবাহিকতা স্থানীয় সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের অনন্য প্রতিফলন।

আয়োজকদের ভাষ্য, বালাবাড়ি হাটের এই মেলা কেবল বিনোদনের আয়োজন নয়; এটি নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে তাঁরা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান, যা তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথও প্রসারিত করছে।

মেলায় আসা গৃহবধূ সালেহা বেগম বলেন, এখানে এসে খুব ভালো লাগছে। আমরা নিজেরা বানানো জিনিস বিক্রি করতে পারছি, আবার আনন্দও উপভোগ করছি।

রংপুর থেকে আসা বিক্রেতা রাবেয়া বেগম বলেন, প্রতিবার অষ্টমীর আগের দিন থেকে আসি। অষ্টমীর দিনে ভালো বিক্রি হয়। তবে এবার বউ মেলায় বিক্রি কিছুটা কম। ব্যবস্থাপনা আরও ভালো হলে বিক্রি বাড়বে বলে আশা করি।

মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং অঞ্চলের অন্যতম আকর্ষণীয় আয়োজন হিসেবে পরিচিতি পাবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন