Logo
Logo
×

সারাদেশ

চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চান কুড়িগ্রামের নাজমুন নাহার বিউটি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম

চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চান কুড়িগ্রামের নাজমুন নাহার বিউটি

কুড়িগ্রামের অভিজ্ঞ নারী রাজনীতিক ও সমাজসেবী নাজমুন নাহার বিউটি সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের নিকট সম্প্রতি এ আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে নাজমুন নাহার বিউটি নিজেকে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, তৃণমূলনির্ভর ও আদর্শনিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নানা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নারী নেতৃত্বকে এগিয়ে আনা সময়ের দাবি। বিশেষ করে উত্তরাঞ্চলের নদীভাঙনপ্রবণ চরাঞ্চলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নাজমুন নাহার বিউটি প্রায় তিন দশকেরও বেশি সময় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের মধ্যে একটি দৃঢ় আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।

বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল নারী সংগঠনকে সুসংগঠিত করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছেন। পাশাপাশি তিনি চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থায় নারী ও শিশু বিষয়ক সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় রয়েছেন।

আবেদনপত্রে তিনি আরও জানান, উত্তরাঞ্চলের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে জনমত গঠন করে আসছেন।

সমাজসেবামূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের জন্য ১০টি বসতঘর নির্মাণ, বন্যা ও শীতকালীন সহায়তা প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এছাড়া ‘সাপ্তাহিক বাহের দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে জনমত গঠনে ভূমিকা রাখছেন।

তিনি আবেদনপত্রে আশাবাদ ব্যক্ত করে বলেন, সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে জাতীয় সংসদে নারী অধিকার, শিক্ষা বিস্তার, চরাঞ্চলের টেকসই উন্নয়ন, মাদক নির্মূল এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্বকে সামনে আনা হলে উত্তরাঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হতে পারে এবং নারী নেতৃত্বে নতুন গতি আসতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে এবং যোগ্য প্রার্থীদের মূল্যায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন