Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে বিএনপির তৎপরতা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

কুড়িগ্রামে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে বিএনপির তৎপরতা

কুড়িগ্রামে সাময়িক জ্বালানি তেলের সংকটের মধ্যে সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন দলের নেতারা। এ সময় পাম্পগুলোতে তেল নিতে আসা সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করেন তারা।

জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তাদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পাম্প এলাকায় গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। অনেকেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার অপেক্ষায় আছেন। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে যানবাহন দাঁড় করানো, হুড়োহুড়ি এড়ানো এবং ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সাময়িক এই সংকটকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। সবাইকে ধৈর্য ধরে তেল সংগ্রহ করার অনুরোধ জানাই।

এদিকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই সাময়িকভাবে তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। 

সরকারি দীর্ঘ ছুটির কারণে পরিবহণে বিলম্ব হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে—ইনশাআল্লাহ, বলেন তিনি।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় মজুত বা অতিরিক্ত তেল সংগ্রহ না করে সবাইকে প্রয়োজন অনুযায়ী নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ ও শাওন আহমেদসহ আরও অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে জেলায় তেল সংগ্রহে কিছুটা ভোগান্তি তৈরি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে— এমন আশাই করছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন